.jpg)
আমরা ভুল সময়ে এসে
মুখোমুখি বসেছি এ ওয়েটিং রুমে
দুটি আলাদা ট্রেন আমাদের পৌঁছে
দেবে দুটি ভিন্ন গন্তব্যে
হয়ত কিছুদিন আগে হলে
তোমার খোপায় গুজে দেয়া যেত
একটা টকটকে লাল জবা ফুল
তোমার নীরব চাহনি থেকেই বুঝে নিয়েছি
তুমিও ভুল পৃথিবীর বাসিন্দা
তোমার চেনা অন্দরে ভুল মানুষের বসবাস
হয়ত কিছুদিন আগে হলে
আমরা পরিব্রাজকের মত একটা
নতুন অভিযাত্রায় বেরিয়ে পড়তে পারতাম
হয়ত তোমার কপালে বেমানান কাল টিপের
বিরুদ্ধচারন করে আমি বাড়ী থেকে পালিয়ে যেতাম
হয়ত তুমি কাল টিপ বদলে নিতে
নির্জন দুপুরের একাকীত্বের নীলে
হয়ত কিছুদিন আগে হলে তোমার জন্যই
বুকের মধ্যে পুষে রাখতাম একদল বেয়াড়া প্রজাপতি
আমি ট্রেনের হুইশেল শুনতে পাই
আমাদের দেরি হয়ে গেছে
আমরা ভুল সময়ে এসে বসেছি মুখোমুখি
আমাদের জন্য অপেক্ষা করছে ভুল গন্তব্যের দুটি ট্রেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন