পৃষ্ঠাসমূহ


তুমি আমাকে ভালবেসো না সত্যিই বলছি ভালবেসো না

প্রতিটি প্রত্যাখ্যান আমাকে দেয় নতুন জীবন
প্রতিটি ব্যর্থতায় আমি আড়মোড়া ভেঙ্গে জেগে উঠি
প্রতিটি অপেক্ষা আমাকে ক্ষুধার্তের কষ্ট শেখায়
প্রতিটি বেদনা আমাকে সন্তানহারা মায়ের পাশে দাড় করিয়ে দেয়
প্রতিটি ছলনায় আমি প্রতিদিন প্রতারিতদের দলে ঢুকে যাই
প্রতিটি নির্ঘুম রাতে আমি হয়ে উঠি অতন্দ্র প্রহরী
প্রতিটি অবহেলা আমাকে বিদ্রোহী করে তোলে
প্রতিটি দ্ব্যর্থক কথা আমাকে করে তোলে ভাষাবিদ
প্রতিটি পোড়া সিগারেট ভেতরে জ্বালায় মনুষ্যত্বের বীজ
প্রতিটি প্রেম আমাকে ঘর থেকে বাইরে নিয়ে যায়
তুমি আমাকে ভালবেসো না সত্যিই বলছি ভালবেসো না
আমি পুড়ে পুড়ে ছাই হয়ে ছড়িয়ে যেতে চাই
দুর্ভিক্ষের মাঠে, সন্তান হারা মায়ের আচলে
পথ শিশুর কুড়িয়ে পাওয়া হঠাৎ হাসিতে
সীমান্তে দাড়িয়ে ভিনদেশী ষড়যন্ত্র নস্যাৎ এ
আমি বিলীন হয়ে যেতে চাই দেশপ্রেমের মন্ত্রে
গ্রাম্য জনপদে বর্ণমালার হাতে খড়িতে
কৃষকের পাশে দাড়িয়ে জোতদারকে গালি দিতে
আমি উজাড় হয়ে যেতে চাই মনুষ্যত্বের জয়গান গেয়ে
তুমি আমাকে ভালবেসো না সত্যিই বলছি ভালবেসো না
আমাকে ঠেলে দাও পথে বিপথে ধুলোর মাঝে
প্রতিটি নির্যাতিত মানুষের দ্বারে

কোন মন্তব্য নেই: