পৃষ্ঠাসমূহ


চন্দ্রাবতীর নীরবতা













বহুদিন তোমায় নিয়ে কবিতা লিখি না
যদিও তোমাকে নিয়েই প্রথম
কবিতায় হাতে খড়ি
সে বহু পুরনো কিচ্ছা-কাহিনী
তখন হিজলের বনে সবেমাত্র
মুকুল উঁকি দিয়েছে
স্রোতস্বিনী নদীটি তখনও
নয় এত যৌবনবতী
আর প্রজাপতি তখনো সবে মাত্র
গুটি পোকা
তখনও জানে না সে অনন্ত আকাশের ব্যাপ্তি
তারপর কি যে হল
এক চাঁদ যায় দুই চাঁদ যায়
সন্ধ্যা পাখীরা আর ফেরে না ঘরে
অযথা ঘুরে মরে একলা শালিক
কাশবন থমথমে, যেন  চারিদিকে
হিটলারের কারফিউ জারি
এক চাঁদ যায় দুই চাঁদ যায়
দুজনেই ভুলে যাই অ আ ক খ
স্বরলিপির ধ্বনি
চন্দ্রাবতী! দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
এখন তো সবখানেই শান্তির খসড়া চুক্তি
একবার না হয় নীরবতার জানালা খুলে দিও
আল্লাহর কসম লাগে তবু দিও
মাথার দিব্যি রইল, এরপর তুমি চাইলেই
চিরতরে হব দেশান্তরি

কোন মন্তব্য নেই: