ঘামে ভেজা দুঃস্বপ্নের রাতে
নিশুতি পেঁচার ডাকে
জেগে ওঠে অশরীরী
বাতাসের ফিসফিসানি, অলীক জ্যোৎস্নার
ষড়যন্ত্রের হাতছানি
ঘর পালাবার তান্ত্রিক মন্ত্রে
গা ছমছমে শূন্যতার বুক থেকে
দু'চারটে নক্ষত্রের অকাল মৃত্যু বেদনা
ভেতরের সন্ন্যাসকে ডেকে তোলে
সময় হয়ে এলো বুঝি পাল তুলবার
এ ঘাটের বিকিকিনি ফুরিয়ে গেছে ঢেঁড় আগে
ফুরিয়ে গেছে কি?
পরান মাঝি ও পরান মাঝী
এবার মোহনায় চল
আজন্ম কথা ছিল মিলন হবে মহাসমুদ্রে
এবার থেমে যাক চোরাবালির টান
ক্লান্তিটুকু ঝেড়ে ফেলে, ঐ যেখানে
দিগন্ত চুমুক দিয়েছে অথৈ দরিয়ায়
পরান মাঝি! চল না ডুবে যাই ঐ শীতল গভীরতায়
.jpg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন