পৃষ্ঠাসমূহ


শিকারি

বৃদ্ধ অশ্বত্থের বুক থেকে শূন্যে
ডানা মেলে দেয় শঙ্খচিল
কিছুটা আবোল তাবল উড়ে উড়ে
পৌঁছে যায় সূর্যের আরও কিছুটা কাছাকাছি
স্থির ডানায় ভর করে বুঝে নেয়
বাতাসের গতিবিধি
সোনালী রোদ্দুর তার মসৃণ পালকে
যেন পিছলে সরে যায় সমীহে
ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট হয়ে পৌঁছে যায়
একটা নির্দিষ্ট উচ্চতায়
নির্দিষ্ট কক্ষপথে নিঃস্পন্দন
উড়ে চলে অবিরাম
পৃথিবী হাজার ব্যস্ততায় ভুলে যায়
তার জলজ্যান্ত অস্তিত্ব
একবার মাথা তুলে দেখে নেয়
ছোট ছোট মেঘদের দল
তাদেরই কেউ দূত হয়ে দিয়ে
যায় সীমান্তের খবর
ভূপৃষ্ঠের বুকে তার ছায়া ঘুরে ঘুরে
ষড়যন্ত্রের বৃও রচনা করে চলে
আপাত দৃষ্টিতে শুধুই উড়ে যাওয়া বলে
ভ্রম হলে ক্ষতি নেই কোন
শুধু অপেক্ষা, শুধুই নির্মম অপেক্ষা!!!!
তারপর সঠিক সময় আর সুযোগের আগমনে
চোখের পলক ফেলবার আগেই
শিকারি তুলে নেয় তার কাঙ্ক্ষিত শিকার।।

কোন মন্তব্য নেই: